রাজশাহী নগরীতে পুলিশের ব্যাপক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৩
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরজুড়ে অপরাধ দমন ও মাদক নির্মূলে আরএমপির বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে ২৩ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানের সময় হাতেনাতে আটক হওয়া মাদক কারবারি ও সেবীদের মধ্যে ৫ জনকে সংক্ষিপ্ত বিচারাালয়ের মাধ্যমে তাৎক্ষণিক সাজা ও জরিমানা প্রদান করা হয়।
আরএমপির তথ্য মতে, দামকুড়া থানা পুলিশ বেড়পাড়া এলাকায় ইসমাইল হোসেনের ছেলে বেলাল হোসেনকে (২৭) ইয়াবাসহ আটক করলে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বেলপুকুর থানায় ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হওয়া আব্দুল মতিনকে (৪০) ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
অন্যদিকে কাটাখালি থানার হাজরাপকুর উত্তরপাড়া থেকে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় তামিম, হাসিবুল ও মেহেদী হাসান নামের তিন তরুণকে আটক করে প্রত্যেককে ২০ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ডিবি পুলিশ, এয়ারপোর্ট, পবা, মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পরিচালিত পৃথক পৃথক অভিযানে নিয়মিত মাদক মামলার একাধিক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি সহ ১৮ জন বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল এবং দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া সমস্ত আসামিদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র।











