ঢাকা | নভেম্বর ৩, ২০২৬ - ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দুই বছরে সেবা পেয়েছেন ২৫ হাজারেরও বেশি রোগী

  • আপডেট: Monday, November 2, 2026 - 10:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সেবার দুই বছর পূর্ণ করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গত দুই বছরে প্রতিষ্ঠানটি থেকে আউটডোর ও ইনডোরে ২৫ হাজার ৫৭৫ জন রোগী মানসম্মত হৃদরোগ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এছাড়া এই সময়ে দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় প্রায় ২ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ৫৬৪ টাকা আর্থিক সহায়তা বা ছাড় প্রদান করা হয়েছে।

সোমবার সকালে আয়োজিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ও কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম) স্বাক্ষরিত প্রতিবেদনে হাসপাতালের গত এক বছরের কার্যক্রম ও অর্জনের বিবরণ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, জুলাই ২০১৮ সালে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ তলা ভীত বিশিষ্ট ৫ তলা ভবনে বর্তমানে ১০ মেম্বার বেডসহ বিভিন্ন ওয়ার্ড ও কেবিনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৪ মাসে আউটডোরে ২০ হাজার ৯৩৩ জন এবং ইনডোরে ৪ হাজার ৯৪২ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এছাড়া ক্যাথল্যাব সেবার মাধ্যমে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার স্থাপনসহ বিভিন্ন ইন্টারভেনশন চিকিৎসায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। দুস্থ রোগীদের জন্য যাকাত তহবিল ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি নিয়মিত ফ্রি-হার্ট ক্যাম্প পরিচালিত হচ্ছে। হাসপাতালের সেবাকে আরও সম্প্রসারিত করতে এবং খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ ‘ওপেন হার্ট সার্জারি ইউনিট’ চালুর লক্ষ্যে প্রায় ২৩ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ৩৮ কোটি টাকার উর্ধ্বমুখী সম্প্রসারণ (৬ষ্ঠ-১০ম তলা) প্রকল্পের মাধ্যমে ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া জেলা প্রশাসকের কাছে ৩ একর খাস জমি পাওয়ার আবেদন করা হয়েছে, যেখানে পরবর্তীতে ২য় ইউনিটসহ রিসার্চ ইনস্টিটিউট এবং নার্সিং ইনস্টিটিউট/কলেজ স্থাপন করা হবে। সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নতকরণ, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি সংযোজনের মাধ্যমে হৃদরোগীদের জন্য সেবার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। আজীবন সদস্যদের পক্ষ থেকে ফাউন্ডেশনের চিকিৎসাসেবা গ্রহণে দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা বৃদ্ধির লক্ষ্যে যাকাত অর্থসহ অনুদান সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান-এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য এনামুল হকের সঞ্চালনায় সাধারন সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর চিফ কনসালট্যান্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. রইছ উদ্দিন, যুগ্ম সম্পাদক-১ লিয়াকত আলী, নির্বাহী সদস্য প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহা. হবিবুর রহমান।  সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রায় ৩০০ জন আজীবন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফাউন্ডেশন হাসপাতালের নিজস্ব ভবনে সেবা কার্যক্রম শুরু দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান। এ উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি-হার্ট ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগীর বিনামূল্যে ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষা এবং মেডিসিনসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।