ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

দেবাশীষ প্রামাণিক দেবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 1, 2026 - 2:01 am

সোনালী ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত কমরেড দেবাশীষ প্রামাণিক দেবুর স্মরণে তোপখানা রোডস্থ পার্টি অফিস চত্বরে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন কমরেড অধ্যাপক সুশান্ত দাস এবং পরিচালনা করেন কমরেড দীপঙ্কর সাহা দীপু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল।

প্রধান অতিথির বক্তব্যে নূর আহমদ বকুল বলেন, প্রগতিবাদী ও বামপন্থী গণতান্ত্রিক শক্তিই পারে বর্তমান সাম্রাজ্যবাদী, মৌলবাদী ও দক্ষিণপন্থী সাংস্কৃতিক আক্রমণ প্রতিহত করে মেহনতী মানুষের অধিকার, দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে।

কমরেড দেবাশীষ প্রামাণিক দেবুর অকাল প্রয়াণে এই আন্দোলন মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী লড়াই শাণিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধতার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতা দেবাশীষ প্রামাণিক দেবুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। এ ছাড়া বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রী, নারী মুক্তি সংসদ, গার্হস্থ্য নারী ইউনিয়ন, জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় আইনজীবী সংসদ এবং নারায়ণগঞ্জ ও শেরপুর জেলা পার্টির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ, আলী আহমেদ এনামুল হক এমরান; কেন্দ্রীয় সদস্য সাব্বাহ আলী খান কলিন্স, মনজুর হাসান মুর্শেদ চুন্না, জাতীয় কৃষক সমিতির মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাদাকাত হোসেন খান বাবুল, খেতমজুর ইউনিয়নের জাকির হোসেন রাজু, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, নারী মুক্তি সংসদের সভাপতি জোবাইদা পারভীন, গার্হস্থ্য নারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ফাহিম শুভ্র।