চারঘাটে অসহায় দুই ব্যক্তিকে মেয়র প্রার্থীর হুইলচেয়ার ও ভ্যান বিতরণ
চারঘাট প্রতিনিধি: অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। শারীরিক প্রতিবন্ধকতায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এক ব্যক্তিকে হুইলচেয়ার এবং জীবিকা নির্বাহের জন্য আরেক ব্যক্তিকে একটি ভ্যান উপহার দিয়েছেন তিনি।
রোববার বিকেলে চারঘাট পৌরসভার মিয়াপুর ও মেরামতপুর এলাকায় পৃথকভাবে এসব সহায়তা প্রদান করা হয়। জানা যায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকার বাসিন্দা মোস্তাকিন (৬০) প্রায় আট বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। এক ছেলে ও এক মেয়ের বাবা মোস্তাকিনের চলাফেরার কষ্ট কিছুটা লাঘব করতে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দেন আসাদুজ্জামান জুয়েল।
অন্যদিকে, মেরামতপুর এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে আতাউর রহমান (৪২)। তাঁর পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের ভরণপোষণে সহায়তা এবং নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তাঁকে একটি ভ্যান প্রদান করা হয়।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সব সময় পাশে থাকতে চাই। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর পদপ্রার্থী বাবর আলী, প্রফেসর রফিকুল ইসলাম টুলু, সাইদুর রহমান, জুবায়ের রহমান ও আবুল বাশারসহ স্থানীয় ব্যক্তিরা।











