ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • আপডেট: Sunday, November 1, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ও মহামারি মোকাবিলায় সক্ষমতা জোরদারের লক্ষ্যে রাজশাহীতে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার পাকুড়িয়ায় অবস্থিত ‘আশ্রয় ট্রেনিং সেন্টারে’ আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিটি আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে।

কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, মানবিক সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারি কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি মানবিক সেবার মানসিকতা নিয়ে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আতিক শাহরিয়ার, সিনিয়র আরসিওয়াই সোলাইমান হোসেন রকি এবং যুবপ্রধান জাকারিয়া ইকবাল অন্তর। চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহী জেলা ইউনিটের মোট ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।