ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জাতীয় যুব দিবস উদযাপিত

  • আপডেট: Sunday, November 1, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসন ও রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল নাহার ও সহকারী পরিচালক মোহা. আশিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা বৃদ্ধি, কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুব সমাজকে দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করতে হবে।

বক্তারা যুবকদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে কারিগরি ও বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়।