ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

মান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 10:42 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন। তাঁদের উপর্যুপরি মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।

এ সময় শহিদুলকে রক্ষা করতে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলাম এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে তাঁরা আহত হন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহীম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ তাঁদের সহযোগীরা গা ঢাকা দিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সোনালী/জগদীশ রবিদাস