চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, দুই জনকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেড়াপাড়া ও ক্লাবের হাটে দুই সার ব্যবসায়ী ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ এ অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দুজনের মধ্যে একজনকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ও আরেক জনকে অনুমোদন ছাড়াই সার বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। আদালত সূত্র জানান, গতকাল মঙ্গলবার ইসলামপুর ইউনিয়নে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বেড়াপাড়ার খুচরা সার বিক্রেতা মোঃ মজিবুর রহমানকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই ইউনিয়নের ক্লাবহাটের লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান ও অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক মাহমুদ। সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান জানান, যারা অনৈতিক কাজে লিপ্ত তাদের সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সোনালী/জগদীশ রবিদাস











