বাঘায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
বাঘা প্রতিনিধি: বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াজুল ফকির ওরফে লালপাগলা (৫০) এবং তাঁর স্ত্রী মর্জিনা বেগমসহ (৪২) তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াজুল ফকিরকে এক বছরের কারাদণ্ড এবং অপর দুজনকে চার মাস করে কারাদণ্ড দেয়া হয়।
গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাঘা পৌরসভা এলাকা, চকছাতারি, মনিগ্রাম বাজার ও বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের লালপাগলার মোড় এলাকায় ইয়াজুল ফকিরের বাড়িতে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ইয়াজুল ফকিরকে এক বছর এবং অপর দুজনকে চার মাস করে কারাদণ্ড দেয়া হয়।
ইউএনও তকী ফয়সাল তালুকদার জানান, বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ তিনজনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অমরপুর গ্রামের লালপাগলার মোড় এলাকায় দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম চলছে। এর ফলে এলাকার তরুণদের একটি অংশ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে দাবি তাঁদের।
সোনালী/জগদীশ রবিদাস











