ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটের সরদহ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে জনসমাবেশ

  • আপডেট: Tuesday, October 13, 2026 - 10:44 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার সরদহ রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশনের আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সরদহ রোড রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সরদহ রোড স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্টেশন উন্নয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সরদহ রোড রেলওয়ে স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্টেশনটিতে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়ে কথা বলেন। পাশাপাশি এলাকার মাদক সমস্যা নিয়েও বক্তব্য দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরদহ রোড রেলওয়ে স্টেশনটি এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। এতে যাত্রীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

বক্তারা আরও বলেন, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়ন প্রয়োজন। দীর্ঘদিনের এ দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।

এ সময় চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসউদ, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুটসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস