নগরীতে বহুতল ভবনের কাজ বন্ধ করল আরডিএ
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে অনুমোদিত নকশা লঙ্ঘন, প্রতিবেশীর সীমানা দখল ও প্রাণনাশের অভিযোগে ‘ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেড’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুর টিভি রোড এলাকায় স্থানীয় বাসিন্দা মো. ফিরোজের পারিবারিক জমির পাশে ‘আব্দুর রহমান ড্রিম প্যালেস’ নামের একটি আবাসন প্রকল্পের নির্মাণকাজ চালাচ্ছে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেড। ভুক্তভোগী ফিরোজের অভিযোগ, ইমারত নির্মাণবিধি ও আরডিএ’র অনুমোদিত নকশা তোয়াক্কা না করে সিঁড়ির অংশ বর্ধিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের পৈতৃক মালিকানাধীন জমির ভেতরের প্রায় দুই ফুট জায়গা বেআইনিভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছে ডেভেলপার প্রতিষ্ঠানটি।
অভিযোগকারী ফিরোজ জানান, নকশাবহির্ভূত নির্মাণে আপত্তি জানালে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তা কর্ণপাত করেননি। উল্টো বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের ব্যবস্থাপক মো. শামীম, আব্দুর রহমানের ছেলে মতিন, বদিউজ্জামান এবং মতিনের ছেলে সাব্বির তাঁকে ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।
এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগে জীবনের নিরাপত্তা চেয়ে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে গত ৮ অক্টোবর ভবন নির্মাণে বিদ্যমান অনিয়ম তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানান ভুক্তভোগী।
অভিযোগের ভিত্তিতে আরডিএ-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। বিষয়টি নিশ্চিত করে আরডিএ-এর ইমারত পরিদর্শক মো. রায়হান জানান, নির্মাণাধীন ভবনটি সরেজমিনে পরিদর্শন করে নকশাবহির্ভূত কাজের প্রাথমিক সত্যতা পরিলক্ষিত হয়েছে।
এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা রায়হানুল ইসলাম রনির স্বাক্ষরিত আদেশে ভবনটির নির্মাণকাজে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষকে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সানি দাবি করেন, তাঁরা আরডিএর বিধিবিধান ও অনুমোদিত নকশা মেনেই ভবনের কাজ চালাচ্ছেন এবং এখানে সীমানা দখল বা নকশা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।
সোনালী/জগদীশ রবিদাস











