ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

নগরীতে স্কুলের ৬ তলা ভবনের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির কণ্ডারীর ভূমিকা পালন করবে এবং দেশের নেতৃত্ব দেবে।

শনিবার দুপুর ১২টায় ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সরঞ্জামাদি আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দেন।

তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব বিস্তার বা সুপারিশ গ্রহণ করা হবে না; কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেয়া হবে।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক পরিবেশ রক্ষার জোর তাগিদ দিয়ে মন্ত্রী নির্দেশ দেন, প্রতিষ্ঠানের অব্যবহৃত পুকুরটি দ্রুত ভরাট করে বিদ্যালয়ের নির্দিষ্ট সীমানা প্রাচীরের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের সম্পত্তি দখল বা যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও ভিটামিন সি-এর চাহিদা পূরণে বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম ও তেঁতুলসহ বিভিন্ন ফলদ বৃক্ষরোপণের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেয়া উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী এবং বিদ্যালয়ের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস