ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা.  জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন রাজশাহীর চিকিৎসকরা।

বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের চিকিৎসক সমাজ’-এর ব্যানারে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। একই সঙ্গে চিকিৎসাঙ্গনে অনাকাঙ্ক্ষিত ‘মব কালচার’ বন্ধ করে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম বলেন, একটি ন্যক্কারজনক মব তৈরি করে আমাদের শ্রদ্ধেয় জাওয়াদুল স্যারকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। আমরা রোগীদের সেবা ছেড়ে আজ রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্যসেবায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং এই অন্যায়ের বিচারে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তাসমিয়া আক্তার বলেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষক বা চিকিৎসককে এভাবে অপমানিত হতে না হয়, সে ব্যবস্থা নিতে হবে। জাওয়াদুল স্যার একজন অত্যন্ত সৎ ও আন্তরিক মানুষ। আমরা এই অন্যায়ের উপযুক্ত বিচার চাই। এ সময় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আহসানসহ অন্যান্য চিকিৎসক ও চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে দ্রুত আইনি পদক্ষেপের জোর দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৪০-৫০ জনের একটি অসাধু দল রামেবি উপাচার্যের কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে। সে সময় উপাচার্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। বিএমডিএ ও রামেবি সূত্রে জানা যায়, উক্ত দলটি বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সিসিটিভি সরঞ্জাম খুলে নেয় এবং উপাচার্য ও তার পিএসকে মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। এ সময় তাদের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে উপাচার্যের পিএস নাজমুল হোসেন বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোনালী/জগদীশ রবিদাস