রাজশাহীতে ৪৯৭ কোটি টাকায় ১২শ শয্যার হাসপাতাল অনুমোদন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) আওতায় এক হাজার ২০০ শয্যার দৃষ্টিনন্দন হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের প্রশাসনিক বাধা দূর হয়েছে। অবকাঠামো নির্মাণ খাতে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা ব্যয়ের একটি বড় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপুর্ণ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই ক্রয় প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ মেগা প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের অধীনে পূর্তকাজে এই অর্থ খরচ করা হবে। প্রকল্পটির মূল প্রস্তাবক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শতভাগ সরকারি অর্থায়নে প্রকল্পটির কাজ পরিচালিত হবে।
বিশাল এই পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত হবে আধুনিক সুবিধা সংবলিত ১১ তলা বিশিষ্ট একটি বৃহদাকার ভবন, যার নিচে থাকছে একটি আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ তলা। মূল হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি নির্মাণের পাশাপাশি পুরো ভবনের পানি সরবরাহ, আধুনিক পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা, নিজস্ব সিভিল ওয়ার্কস এবং অভ্যন্তরীণ বিদ্যুতায়নের সম্পূর্ণ কাজ এই প্যাকেজের অন্তর্ভুক্ত। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত।
আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় দরপত্র প্রক্রিয়ার অংশ হিসেবে আহ্বান করা উন্মুক্ত দরপত্রে মোট চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্রের কারিগরি যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা’-কে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
একই বৈঠকে ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন’ প্রকল্পের আওতায় প্রায় ৩৩ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৬৭৮ টাকার বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা ও টেকনিক্যাল যন্ত্রপাতি ক্রয়ের পৃথক দুটি প্রস্তাবও পাস করা হয়েছে।
এর মধ্যে প্রথম প্রস্তাবে (প্যাকেজ জিডি-১০, লট-৫) ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকায় মেসার্স রাজু এন্টারপ্রাইজের কাছ থেকে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্মরোগ, ব্লাড ট্রান্সফিউশন, শ্বাসতন্ত্র, মানসিক স্বাস্থ্য, বার্ন ও প্লাস্টিক সার্জারি এবং জরুরি বিভাগের প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম কেনা হবে।
অপর প্রস্তাবে (প্যাকেজ জিডি-১০, লট-৩) ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকায় একই প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে সার্জারি, বিশ্বমানের অপারেশন থিয়েটার (ওটি) ও ক্যানসার চিকিৎসা বিভাগের দরকারি যন্ত্রপাতি। দুটি কাজই বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।
সোনালী/জগদীশ রবিদাস











