রাজশাহী রেঞ্জ ও নগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০৬
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ ও মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ২০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৪ ঘণ্টায় টানা ১৪৫টি অভিযান চালানো হয়। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৮৪ জনকে। তাঁদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭৪ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, বিভিন্ন মামলায় এজাহারনামীয় ৮৫ জন এবং অন্যান্য ধারায় ১৫ জন রয়েছেন।
এছাড়া রেঞ্জের বিভিন্ন থানায় সর্বমোট ১০৪টি মামলা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে দুটি হত্যা, দুটি চুরি ও তিনটি নারী-শিশু নির্যাতনের মামলা রয়েছে। এ সময়ে রেঞ্জ এলাকায় ৩৭ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল ও চোলাই মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা, মতিহার, রাজপাড়া, শাহমখদুম, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশ। এদের মধ্যে আটজন চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে।
আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, কাশিয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী এক তরুণকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেতিয়াপাড়া সুইপার কলোনি ও বাজে কাজলা এলাকা থেকে চোলাই মদ ও ট্যাপেন্টাডলসহ বেশ কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।











