নির্ভুল নিবন্ধনে সেরা রাসিক, মিলল জাতীয় সম্মাননা
স্টাফ রিপোর্টার: জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে শুদ্ধ ও নির্ভুল নিবন্ধন নিশ্চিতকরণের জাতীয় স্বীকৃতি লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নাগরিক সেবায় দক্ষতা ও সময়ানুবর্তিতা প্রদর্শনের জন্য ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬’ উপলক্ষে রাসিককে এই বিশেষ সম্মাননা দেয়া হয়।
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এই আলোচনা সভার আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়নের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান ড. মিখাইল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ।
নাগরিক সেবায় এমন জাতীয় সাফল্য অর্জন করায় রাসিকের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। একইসঙ্গে কার্যক্রমে সার্বিক সহযোগিতা করায় রাজশাহী নগরবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রতিক্রিয়ায় রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবা নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে সম্পন্ন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা সহজীকরণে জোর দেয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা এবং নগরবাসীর সহযোগিতার ফলেই আজ এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। প্রাপ্ত এই সম্মাননা কাজের গতি ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে উল্লেখ করে ভবিষ্যতে সেবা প্রদান প্রক্রিয়াকে আরও উন্নত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সোনালী/জগদীশ রবিদাস











