ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে পবায় পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং এলজিইডি প্রকল্পের আওতাধীন পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু, কোদালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অভিযানে অংশ নেন।

এ সময় উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ, শিক্ষা অফিস কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণের রাস্তা, ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণ এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণসহ এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ছাড়াও উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, “উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ড্রেন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা অপসারণের আহ্বান জানান।”

সোনালী/জগদীশ রবিদাস