পুলিশের বিশেষ অভিযান চলমান, রাজশাহী রেঞ্জে ১৫৪, নগরীতে গ্রেপ্তার ১৩
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ এবং মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি একাধিক মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধী গ্রেপ্তার ও অবৈধ মালামাল উদ্ধারে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এতে ১৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন ওয়ারেন্টভুক্ত, ৪ জন দণ্ডপ্রাপ্ত, ১০৯ জন তদন্তাধীন মামলার আসামি এবং ৫ জনকে প্রতিরোধমূলক আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৫৬ জন মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত। অভিযানকালে পুলিশ ৪০ গ্রাম হেরোইন, ১ হাজার ১৯২ পিস ইয়াবা, ৫১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১.৪১ কেজি গাঁজা এবং ৩৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় ৩টি হত্যা, ১টি ডাকাতি, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতনসহ মোট ১২০টি নতুন মামলা নথিভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ৮টি অপমৃত্যুর তথ্য পাওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে রেঞ্জ পুলিশ সরাসরি ১ হাজার ৪৭ জন নাগরিককে সেবা প্রদান করেছে।
এদিকে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ (আরএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান (পিপিএম) জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক মামলার আসামি এবং ৫ জন অন্যান্য মামলার আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











