ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম

উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয় জরুরি: জেলা প্রশাসক

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষতার সঠিক প্রয়োগের মাধ্যমে কম সম্পদ ব্যবহার করে পণ্য ও সেবা—উভয় খাতেই উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের সুযোগকে কাজে লাগিয়ে অদক্ষ শ্রমশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে।

শুক্রবার বেলা ১১টায় ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রথাগত ধারণায় শুধু শিল্প উৎপাদনকে উৎপাদনশীলতা মনে করা হলেও প্রকৃতপক্ষে কম সময়ে মানসম্মত সেবা প্রদান এবং সম্পদের অপচয় রোধ করাই আসল উৎপাদনশীলতা। দেশে খনিজ সম্পদের সীমাবদ্ধতা থাকলেও এই বিরাট জনগোষ্ঠীই আমাদের প্রধান সম্পদ। বিদেশে অদক্ষ শ্রমিকের বদলে দক্ষ শ্রমশক্তি পাঠানো সম্ভব হলে বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি রেমিট্যান্স অর্জন করা সম্ভব হবে।

রাজশাহীর অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহী দেশের ‘ম্যাংগো সিটি’ হিসেবে স্বীকৃত এবং এখানে দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয়। রাজশাহীতে একটি আম ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এলাকা (ফুড প্রসেসিং জোন) এবং মৎস্যভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ ছাড়া হাইটেক পার্ক ও পর্যটন খাতকে কেন্দ্র করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের সাথে খাপ খাইয়ে নিতে তরুণ প্রজন্মকে উপযোগী প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে নতুন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের উপব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

সোনালী/জগদীশ রবিদাস