ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

নিবন্ধন সনদ না থাকায় নগরীতে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় রাজশাহী মহানগরীর মনিচত্বর ও সাহেববাজার এলাকার দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোড়কজাতকরণ সনদ না থাকায় মনিচত্বর এলাকার ‘মেসার্স ফুড ফেয়ার’কে ৫ হাজার টাকা এবং সাহেববাজার এলাকার ‘মেসার্স আহার কনফেকশনারি’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রয় ও বিতরণ করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে বিএসটিআইয়ের আইন ও বিধিবিধান শতভাগ মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মেহেদী হাসান। বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে পণ্যের সঠিক গুণগত মান, ওজন এবং সঠিক মোড়কজাতকরণ নিশ্চিত করতে মহানগরী জুড়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সোনালী/জগদীশ রবিদাস