ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের বনরুটি খেয়ে ফের ১২ শিক্ষার্থী অসুস্থ

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:14 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটি খেয়ে ১২ প্রাথমিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

গত বুধবার দুপুরে উপজেলার লহালামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে সন্ধ্যায় বাড়ি পাঠানো হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে বনরুটি বিতরণ করা হয়। খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী পেটব্যথা, মাথাব্যথা ও বমিভাবের কথা জানায়। একপর্যায়ে ১২ জন অসুস্থ হয়ে পড়লে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, পেটব্যথা ও বমিভাব নিয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে আসে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসার পর তাদের সবাইকে ছাড়পত্র দেয়া হয়।

প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, এনজিও গাকের মাধ্যমে রেদোয়ান ফ্রুটসের সরবরাহ করা ২৯ সেপ্টেম্বরের বনরুটি ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের দেয়া হয়। অসুস্থতার পর অবশিষ্ট রুটিগুলো সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, ঘটনার কারণ অনুসন্ধান ও খাবারের গুণগত মান যাচাইয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক করে গঠিত কমিটিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা স্যানিটারি পরিদর্শককে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চিকিৎসা শেষে সব শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। প্রসঙ্গত, এর আগে গাকের সরবরাহ করা খাবার খেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।