ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৬ - ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম

না ফেরার দেশে সাংবাদিক সাইদুর রহমান, বিভিন্ন মহলের শোক

  • আপডেট: Monday, September 21, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের’ সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই।

সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বাদ আসর নগরের ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেঁতেম খাঁ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সাইদুর রহমান রাজশাহীর একটি অত্যন্ত ঐতিহ্যবাহী রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক পরিবারের উত্তরসূরি ছিলেন। তাঁর নানা ছিলেন প্রখ্যাত আইনজীবী ও জননেতা মাদার বখশ, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম কাণ্ডারি ও উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর বাবা আতাউর রহমানও ছিলেন রাজশাহীর রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব, যিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় নির্বাচিত হন।

তাঁর মা ভাষাসৈনিক মনোয়ারা রহমান সমাজসেবায় নিবেদিতপ্রাণ ও আত্মত্যাগী নারী ছিলেন। পারিবারিক ঐতিহ্য বজায় রেখে সাইদুর রহমান নিজেও আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন। নিজের প্রায় সমুদয় সম্পত্তি সমাজসেবামূলক কাজে ব্যয় করার উদ্দেশে তিনি ‘জননেতা আতাউর রহমান ট্রাস্ট’ গঠন করে সম্পত্তি ট্রাস্টের নামে রেজিস্ট্রি করে দেন। এই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন তাঁর ছোট বোন খেলনা এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার।

বিভিন্ন মহলের শোক: প্রবীণ এই সাংবাদিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। মুঠোফোনে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

এছাড়াও মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা দেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা সিভিল সার্জন ও জেলা পুলিশ সুপার।

এছাড়া রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রাজশাহী ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন, পবা, মোহনপুর, বাঘা ও দুর্গাপুর প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাতীয় সাংবাদিক সংস্থা, জাসদ, মহানগর যুবদল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, বাজার ব্যবসায়ী সমিতি, ফুল ব্যবসায়ী সমিতি, জাতীয় আদিবাসী পরিষদসহ বিভিন্ন জেলা-উপজেলার সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ প্রবীণ এ সাংবাদিকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

সোনালী/জগদীশ রবিদাস