ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

চরাঞ্চলে ৮ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে ‘লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল’

  • আপডেট: Monday, September 21, 2026 - 10:59 pm

প্রেস বিজ্ঞপ্তি: দেশের নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বসবাসকারী সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় দুই দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ‘লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল’। যাত্রা শুরুর পর থেকে ভাসমান এই হাসপাতালটি এখন পর্যন্ত ৮ লাখ ১৬ হাজারের বেশি রোগীকে সেবা প্রদান করেছে। এ সময় মোট ১৩ লাখ ৫০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে ৪৮৯টি সার্জিক্যাল ক্যাম্পের মাধ্যমে ১৯ হাজারের বেশি সফল অস্ত্রোপচার।

প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবার এই অগ্রযাত্রাকে সরেজমিনে দেখতে সম্প্রতি গাইবান্ধায় হাসপাতালটির কার্যক্রম পরিদর্শনে যান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল অবকাঠামো ও বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন, চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সেবাগ্রহীতা ও রোগীদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও মতামতের তথ্য নেন। ইউনিলিভার বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষার ব্র্যান্ড ‘লাইফবয়’ এবং উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর যৌথ অংশীদারিত্বে গঠিত এই হাসপাতালটি প্রতিষ্ঠানটির অন্যতম দীর্ঘস্থায়ী সামাজিক উদ্যোগ। ২০০২ সালে ফ্রান্স থেকে আনা একটি বিশেষ বার্জকে পূর্ণাঙ্গ ভাসমান হাসপাতালে রূপান্তরের মাধ্যমে এই মানবিক যাত্রা শুরু হয়। গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য এই হাসপাতালটি বর্তমানে একটি বড় ভরসাস্থল।

সময়ের পরিক্রমায় এটি একটি সমন্বিত চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবা, চক্ষু, দন্ত, চর্মরোগের চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। কেবল ২০২৫ সালেই হাসপাতালটি ৪৮ হাজার ৭৮৪ জন রোগীকে সেবা দিয়েছে। এর মধ্যে সাধারণ বহির্বিভাগীয় পরামর্শ পেয়েছেন ৩৬ হাজার ৫১ জন, বিশেষজ্ঞ পরামর্শ ৪ হাজার ৪৪২ জন এবং সফল অস্ত্রোপচার হয়েছে ৯৮৭ জনের। একই বছরে হাসপাতালটি ২৮ হাজার ২৭৩ জন নারী ও কিশোরী এবং ৬ হাজার ৫৬৪ জন শিশুকে চিকিৎসাসেবা প্রদান করেছে, যেখানে ৯৮ শতাংশ ওষুধের শতভাগ প্রাপ্যতা এবং ৯৫ শতাংশ রোগী সন্তুষ্টি রেকর্ড করা হয়।

পরিদর্শনকালে রোগীদের অভিজ্ঞতা শুনে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “ইউনিলিভারে আমরা বিশ্বাস করি, সুস্বাস্থ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে। দুই দশকেরও বেশি সময় ধরে চরাঞ্চলের লাখো মানুুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। ফ্রেন্ডশিপের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আমাদের সমর্থনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” বর্ষাকালে বন্যা, নদীভাঙন ও দূরত্বের কারণে মূল ভূখণ্ডে এসে চিকিৎসা নেয়া চরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল সরাসরি চরাঞ্চলে গিয়ে মানসম্মত চিকিৎসাসেবা দিয়ে নদীবেষ্টিত সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।