ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বাজারে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:19 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার হাট হাঙ্গোপাড়া বাজারের ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের উচ্ছেদ করে দিয়ে এক প্রভাবশালীর বিরুদ্ধে বহুতল ভবন নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

এর আগে ওই বহুতল ভবন নির্মাণ কাজ স্থগিত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে। ওই অভিযোগপত্রে বাজারের ১৩০ জন ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের স্বাক্ষর রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাট হাঙ্গোপাড়া বাজারের ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের উচ্ছেদ করে দিয়ে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের উদ্দেশে এলজিইডি প্রকল্পের নাম ব্যবহার করে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করছেন। বিষয়টি প্রকাশ হওয়ার পর বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। কারণ এই বাজারের উন্মক্ত পরিবেশে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ জনগণ এবং ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে তাদের উচ্ছেদ করে দেয়া হলে তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের পথে বসতে হবে বলে অভিযোগপত্রে ও প্রতিবাদ সভায় বক্তারা দাবি জানান। এছাড়া ওই বহুতল ভবন নির্মাণ করতে হলে বাজারের শত বছর আগের চারটি বিশাল বড় আকারের বট গাছও কাটা পড়বে বলে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন- বাজারের মুদি ব্যবসায়ী ইউপি সদস্য আব্দুস সাত্তার, গোলাম রাব্বানী, মেহেদী হাসান, সবজি ব্যবসায়ী শাহিন আলম, সোহরাব হোসেন, আলহাজ্ব এরশাদ আলী, চান মোহাম্মদ, খলিলুর রহমান ও ফয়েজ উদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে ওই বহুতল ভবন নির্মাণ কাজ স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সু-দৃষ্টি কারনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হয়েছে।