ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে বাইপাস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:17 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যানজট নিরসন ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে জনসাধারণের ভোগান্তি কমাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার দুপুরে লালপুর ফিলিং স্টেশন থেকে বনপাড়া সড়কের ছয় রাস্তার মোড় এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “অর্থনৈতিক সংকটের সময়েও সরকার আপনাদের জন্য রাস্তা, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এত কষ্ট করে সরকার যে উন্নয়ন করছে, আমরা যদি অনিয়ম করে সেগুলো নষ্ট করি, তাহলে সেটি আমাদের জন্য উচিত কাজ হবে না।”

পরে প্রতিমন্ত্রী উপজেলার আড়বাব ইউনিয়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যের আরও একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন জানান, ছয় রাস্তার মোড় এলাকায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের এবং আড়বাব ইউনিয়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।