ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

পরিবেশ রক্ষায় প্রাকৃতিক শীতলীকরণের আহ্বান রাজশাহীতে

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার:  উষ্ণায়ন ও জলবায়ু ঝুঁকির মধ্যে কৃত্রিম এসি-র ব্যবহার না বাড়িয়ে পরিবেশবান্ধব ও কম খরচের প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বিশ্ব ওজন দিবস উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

বুধবার বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বারসিক ও গ্রিণ কোয়ালিশনের যৌথ আয়োজনে বারসিক আঞ্চলিক রিসোর্স সেন্টারে ‘শীতলতর গ্রহের জন্য বৈশ্বিক পদক্ষেপ’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পলি রানী।

বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত তাপপ্রবাহ ও খরা দেখা দেয়ায় শীতলীকরণ এখন আর বিলাসিতা নয়, এটি জীবনের প্রয়োজনে পরিণত হয়েছে। তবে কেবল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বাড়ালে পরিবেশের ক্ষতি হবে। তাই প্রাকৃতিক উপায়ে তাপমাত্রা কমাতে পুকুর, জলাশয় ও গাছপালা সংরক্ষণ এবং তাপসহনশীল ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে।

আলোচনায় অন্যান্য যুব সংগঠনের প্রতিনিধি ও আদিবাসী নেতারা অংশ নেন। তারা কিগালি সংশোধনীর নীতি বাস্তবায়ন, গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ, প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর তৈরি এবং পরিবেশবান্ধব ‘জলবায়ু-স্মার্ট বরেন্দ্র শীতলীকরণ’ কর্মসূচি গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সোনালী/জগদীশ রবিদাস