নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় মারাত্মক অস্ত্র, ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে বহরমপুর শেষমাথা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন একদল দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা স্থানীয় সালমানের বসতবাড়ির ছাদে লুকিয়ে পড়ার চেষ্টা করে। পরে পুলিশ ছাদ ঘেরাও করে গৃহকর্তার ছেলে সালমানসহ (২৩) বাঁধন ওরফে নুর (২৪), বিদ্যুৎ (২১), আব্দুর রহিম (২২) ও নাইম আহাম্মেদকে (২৪) গ্রেপ্তার করে। এ সময় আলামিন নামে একজনসহ ৩-৪ জন পালিয়ে যায়।
আসামিদের হেফাজত থেকে ১৫ ইঞ্চি লম্বা চাকু, ২৮ ইঞ্চি লম্বা হাসুয়া, দুটি চেইন রিং গিয়ার, চারটি ইয়াবা এবং ডাকাতিতে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সালমানের বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। অন্য আসামি বিদ্যুতের বিরুদ্ধেও পৃথক মামলা রয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











