ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

হেনস্তার অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তা ও মারধরের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে হল শাখা ছাত্রদল।

ছাত্রদল নেতাদের দাবি, ওই শিক্ষার্থী ছাত্রশিবিরের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’ করছিলেন এবং সংগঠনটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে পাঠানো হয়েছিল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন জোহা হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ ও সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার। তারা এই গুপ্তচরবৃত্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জোহা হল ছাত্রদলের সভাপতি ফুয়াদ বলেন, ওই শিক্ষার্থী তার ফোনে ছাত্রদলের গ্রুপে যুক্ত হওয়ার কথা বলে নিজের মোবাইল হস্তান্তর করেন। তখন তার ফোনে দেখা যায়, তিনি হল শিবিরের সভাপতি রাশানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখানে রাশান তাকে ছাত্রদল নেতার বক্তব্য রেকর্ড করা ও প্রভোস্টের রুমে নজরদারি করার নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার বলেন, তাকে কোনো মারধর করা হয়নি। তিনি ভিডিওতে বানিয়ে কথা বলছেন যা একটি প্রস্তুত করা স্ক্রিপ্টের মতো শোনায়।

উল্লেখ্য, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিবিরের ‘স্পাই’ সন্দেহে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আসিফকে জোহা হলের রুমে রাতভর জিজ্ঞাসাবাদ, হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।