ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

রাবিতে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে উপ-উপাচার্যকে শিবিরের ৪ দফা দাবি

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে শিবিরের ‘স্পাই’ আখ্যা দিয়ে রাতভর নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এসব দাবি তুলে ধরেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

ছাত্রশিবিরের উপস্থাপিত ৪ দফা দাবিগুলো হলো—অন্যায়ভাবে হলে থেকে নির্যাতনের সঙ্গে জড়িত অভিযুক্ত ছাত্রদল নেতাকে হল থেকে বহিষ্কার করা; ফৌজদারি অপরাধে জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া; হেনস্তার শিকার শিক্ষার্থী ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হল প্রভোস্টকে অব্যাহতি দেওয়া।

বৈঠকে ছাত্রশিবির সভাপতি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর ট্যাগিং রাজনীতি বন্ধ করতে হবে এবং হলে কোনো প্রকার ‘টর্চার সেল’ গড়ে তোলার সুযোগ দেওয়া যাবে না। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।