ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রান্তিক খামারি ও কৃষকেরা। কারও সঙ্গে গরু, কারও সঙ্গে ছাগল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন টিকা দিতে।

প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গতকাল সোমবার তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, বর্ষা মৌসুমে হাঁস-মুরগি, গরু ও ছাগল বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

গবাদিপশু যেন ভাইরাসে আক্রান্ত না হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। তবে সঠিক পরিচর্যার অভাবে অনেক প্রান্তিক খামারি কাঙ্ক্ষিত সুফল পান না। বর্তমান সরকার প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিপুল জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে সবাইকে উৎপাদনমুখী কাজে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। ইউএনও জানান, কর্মসূচির আওতায় গরুর তড়কা রোগের ২ হাজার, বাদলা রোগের ২ হাজার ৫০০ এবং গলাফুলা রোগের ২ হাজার টিকা দেয়া হবে। এ ছাড়া ছাগলের পিপিআর রোগের ২ হাজার, মুরগির রানীক্ষেত রোগের ৭০ হাজার এবং হাঁসের ডাকপ্লেগ রোগের ৫ হাজার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন রোগের ৮৩ হাজার ৫০০ টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে গতকাল পবা উপজেলার কর্ণহার বড়বিলার জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি থেকে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এমপি মিলন। চলতি অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পবা উপজেলার ১৯টি জলাশয়ে মোট ৫৪৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষে এ কর্মসূচি নেয়া হয়েছে। পবা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ ও বিএনপির নেতৃবৃন্দ।