পুঠিয়ায় অপরাধ দমনে কঠোর হওয়ার নির্দেশ
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ, মাদক, অনলাইন জুয়া ও অবৈধভাবে পুকুর খননসহ বিভিন্ন অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনকেও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
সভায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াৎ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়। সংসদ সদস্য বলেন, কোথাও কোনো অপরাধ বা অপকর্মের ঘটনা ঘটলে তা প্রশাসনকে জানাতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।











