চালক-সহকারীদের জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক, সহকারী (হেলপার) ও সুপারভাইজারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর রাণীবাজার এলাকার একটি রেস্টুরেন্টে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন গণপরিবহনের পেশাদার চালক, সহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
প্রশিক্ষণে গণপরিবহনে নারী ও অন্যান্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ, যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং এ ধরনের ঘটনা ঘটলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ড্রাইভিং স্কুলের প্রশিক্ষক ইয়ামিন হাসান। প্রশিক্ষণের রিসোর্স পারসন ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) আবু হেনা মোস্তফা নোমান।
এ ছাড়া ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী, শিখা প্রকল্পের রোড সেফটির ফিল্ড কো-অর্ডিনেটর পংকজ কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, গণপরিবহনে নারী ও শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালক, সহকারী ও সুপারভাইজারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালকদের ভূমিকা আরও কার্যকর হবে।











