চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত পরিমাণ সার মজুদের দায়ে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর সময় দিকে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে রাসায়নিক সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে দোকানে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি মজুদ পাওয়া যায়।
এ ঘটনায় দোকানের মালিক নুরফস আলী ছেলে নুর ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া সারগুলো সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমানকে।
অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশ সহায়তা করে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











