সিটি কর্পোরেশনগুলোতে খেলার মাঠ ও ফুটসাল নির্মাণের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার: দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও মাঠগুলোর সুব্যবস্থাকরণের লক্ষ্যে সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকগণ অংশ নেন। সভায় নগর এলাকার বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও সংস্কারে কর্পোরেশনগুলোর নিজস্ব পরিকল্পনা এবং প্রতি ২-৩টি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ ও প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সভায় সবাই একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দ্রুতই প্রতিটি নগরীতে খেলাধুলার পরিবেশ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।











