মাদকের টাকার জন্য মা ও ভাইকে বঁটি দিয়ে কোপালো যুবক, আটক ১
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদকের টাকার জন্য নিজের জন্মদাত্রী মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে জখম করার নৃশংস অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪)।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদকসেবী মেহেদী হাসান রাতে তার মা মনোয়ারা খাতুন (৫৫) ও ছোট ভাই মৃদুলের (২৮) কাছে নেশার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।
সংবাদ পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে রক্তাত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে। ওই সময় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মেহেদীকে গণপিটুনি দেয়।
পরে পুলিশ আহত মা, ছোট ভাই এবং অভিযুক্ত মেহেদীসহ তিনজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। পুলিশ উক্ত মামলায় মেহেদীকে গ্রেপ্তার দেখিয়ে তার ব্যবহৃত বঁটিটি জব্দ করেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ঘটনার প্রাথমিক তদন্তে মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য কোনো পারিবারিক বিরোধ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জখম ব্যক্তিদের মৃত্যুর বিষয়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়লে পুলিশ তা নাকচ করে। পুলিশ জানিয়েছে, আহতরা চিকিৎসাধীন আছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।











