ডিসি’র গণশুনানিতে মিলছে দ্রুত সমাধান, সন্তুষ্ট সাধারণ মানুষ
স্টাফ রিপোর্টার: ‘জনসেবায় প্রশাসন’ এই লক্ষ্যকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। প্রতি সপ্তাহের বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এতে অনেকেই তাৎক্ষণিক সমাধান ও সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ জমিজমা সংক্রান্ত জটিলতা, চিকিৎসার খরচ, শিক্ষা ভাতা এবং ঘরবাড়ি মেরামতসহ নানা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত হন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং যেসব ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান সম্ভব, সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
চিকিৎসা সহায়তার জন্য আসা শামিমা সুলতানা বলেন, আমি কখনো ভাবিনি ডিসি স্যারের সাথে দেখা করা এতটা সহজ হবে। তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং স্বামীর চিকিৎসার জন্য তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমার অনেক বড় উপকার হলো।
ঘরের সমস্যার কথা জানাতে আসা শাহজাহান আলী বলেন, আমার ঘরের বিভিন্ন অংশ দিয়ে দীর্ঘদিন ধরে পানি পড়ছিল। অনেক জায়গায় গিয়েও সমাধান না পেয়ে গণশুনানিতে আসি। পরে আমার ঘর মেরামতের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বই কেনার জন্য আসা এক শিক্ষার্থী বলেন, আমি বইয়ের সহায়তার জন্য এসেছিলাম। ভাবতেই পারিনি স্যার আমার কথা শুনে সাহায্য করবেন।
গণশুনানিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, জেলা প্রশাসকের কাছে সরাসরি নিজেদের সমস্যার কথা বলতে পেরে তারা স্বস্তি বোধ করছেন। দ্রুত সহায়তা পাওয়ায় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্বই হলো সাধারণ মানুষকে সেবা দেওয়া। যখন কোনো ব্যক্তি সমস্যা নিয়ে প্রশাসনের কাছে আসেন, তখন নিয়ম অনুযায়ী মনোযোগ দিয়ে তা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব।
তিনি আরও যোগ করেন, গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বলার সুযোগ পাচ্ছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসেবা দেওয়া এবং মানুষের ভোগান্তি কমাতেই জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রশাসনের এই উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এবং সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি ও কষ্ট আরও কমে আসে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন গণশুনানিতে অংশ নেওয়া সেবা প্রার্থীরা। উক্ত গণশুনানিতে রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাইসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











