ঢাকা | অগাস্ট ১৫, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

ছাত্রীকে যৌন হয়রানি ও হুমকি: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বোয়ালিয়া মডেল থানার কালুমিস্ত্রির মোড় এলাকার বাবুরের ছেলে বান্টি হাসান (১৮), জিয়াদের ছেলে রিয়াজন (২০) এবং এনামুল হকের ছেলে তাসিন লাবিব (১৯)।

শুক্রবার রাতে নগরীর বোয়ারিয়া মডেল থানায় প্রেসবিফ্রিং করে এতথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রেস ব্রিফিং এ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে কালুমিস্ত্রির মোড় এলাকায় অনার্স পড়ুয়া ওই ছাত্রী, তাঁর পরিবারের সদস্য এবং বাইর থেকে রাজশাহীতে পড়তে আসা শিক্ষার্থীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।

গত ২ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আসামিরা ভুক্তভোগী ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে তাঁকে যৌন হয়রানি, অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। একই সঙ্গে তাকে রাজশাহীতে পড়ালেখা ও অবস্থান করতে না দেয়ার হুমকি দেয়।

পরবর্তীতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ও ভুক্তভোগীর বাড়িওয়ালার বক্তব্যের মাধ্যমে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আরএমপির একাধিক টিম কালুমিস্ত্রির মোড় এলাকায় অভিযান চালিয়ে এজারভুক্ত ওই ৩ আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির তৎপরতা অব্যাহত থাকবে। প্রেস বিফ্রিং এ রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মোস্তারীসহ অন্যান্যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।