সাপের কামড় খেয়ে গোখরা নিয়ে রামেক হাসপাতালে কৃষক
স্টাফ রিপোর্টার: সাপে কাটার পর সেই বিষধর গোখরা সাপ ধরেই চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাজির হয়েছেন পলান নামের এক কৃষক।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে তিনি সাপটি নিয়ে হাসাপাতালের জরুরি বিভাগে উপস্থিত হন। পরে চিকিৎসকরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি নেন।
স্বজনরা জানান, পুঠিয়ার সিদ্দিকুর রহমানের ছেলে পলানকে ক্ষেতে কাজ করার সময় গোখরা সাপ দংশন করে। অসুস্থ হয়ে পড়লেও স্বজনদের সহায়তায় তিনি সাপটিকে ধরে ফেলেন এবং চিকিৎসার সুবিধার্থে বস্তাবন্দী করে হাসপাতালে নিয়ে আসেন।
অবশ্য হাসপাতালে নিয়ে আসার আগেই স্থানীয় লোকজন সাপটিকে মেরে ফেলেছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ৫৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ওই কৃষকের অবস্থা আপাতত আশঙ্কাজনক নয়, তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।











