রাজশাহী থেকে চুরি হওয়া বাস চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে চুরি হওয়া ‘ইউনিক রোড রয়েলস’ (এনকে ট্রাভেলস) পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আমনুরা রেলজংশন এলাকার ঝিলিম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় বাসটি উদ্ধার করা হয়। ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭ নম্বরের বাসটির মালিক নগরীর সাগরপাড়া এলাকার নরেন সরকার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট নওগাঁর নিয়ামতপুর থেকে ট্রিপ শেষ করে সন্ধ্যায় রাজশাহীর গ্যারেজে রাখা হয় বাসটি। পরদিন ১১ আগস্ট সকালে বাসটি নিখোঁজ দেখে মালিককে খবর দেওয়া হয়। খোঁজাখুঁজির পর বাস না পেয়ে মালিক শাহমখদুম থানায় একটি চুরি মামলা করেন।
পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসটির অবস্থান নিশ্চিত করে এবং অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, চুরির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি অভিযান অব্যাহত রয়েছে।











