ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম

বিএমডিএ’র নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীর আলম খান

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (গ্রেড-২) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জাহাঙ্গীর আলম খান।

গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা সুলতানা স্বাক্ষরিত নিয়োগপত্রের ভিত্তিতে তিনি নতুন পদে যোগ দেন। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ১৪ (২) ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এদিকে বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানের যোগদানের খবরে প্রতিষ্ঠানের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিএমডিএ পরিবারের সর্বস্তরের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির ফলে বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে বিএমডিএ’র সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিএমডিএ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।