ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

মিডিল চরে দর্শনার্থীদের নিরাপত্তায় রাসিকের লাইফ জ্যাকেট বিতরণ

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ও ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডিল চরে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। ফলে পদ্মায় নৌপথে যাত্রী পারাপার বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

নদীপথে দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেক ডগার ঘাটে রাসিকের উদ্যোগে এই লাইফ জ্যাকেট প্রদান করা হয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাঝিদের হাতে এসব লাইফ জ্যাকেট তুলে দেন। অনুষ্ঠানে রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লাইফ জ্যাকেট বিতরণের পাশাপাশি নৌযানে নদী পারাপারের সময় বাধ্যতামূলকেভাবে তা ব্যবহার করা, নৌকায় অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়। এদিকে প্রশাসনিক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নৌকার মাঝি ও ঘুরতে আসা দর্শনার্থীরা।

ঘাটের নৌকার মাঝি আশরাফুল ও শফিকুল বলেন, দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছি। কিন্তু এর আগে কখনো এভাবে মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেয়ার উদ্যোগ দেখিনি। নদীতে চলাচলের সময় এটি আমাদের ও যাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়াবে। এই উদ্যোগের জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

ঘুরতে আসা দর্শনার্থী লাবনী আক্তার বলেন, মিডিল চরে যেতে নৌকায় নদী পার হতে হয়। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছি। দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ায় আমরা আনন্দিত।

অনুষ্ঠানে ২৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মতিহার থানা (দক্ষিণ) ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, মতিহার থানা (দক্ষিণ) যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার সুমন ও সাংগঠনিক সম্পাদক হাসান শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।