সেমিকন্ডাক্টর সামিটে ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সোনালী ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও সেমিকন্ডাক্টর শিল্পে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরতে ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট ২০২৬-এ অংশ নিয়েছে ড্যাফোডিল গ্রুপ।
শনিবার ঢাকার আগারগাঁওয়ে আয়োজিত এই প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির ‘ড্যাফোডিল কম্পিউটার্স’ প্যাভিলিয়ন সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ডিসিএল হাই-টেক’-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে ড্যাফোডিলের প্রযুক্তিগত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এসব পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার আহ্বান জানান তিনি। পরিদর্শন শেষে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য মতবিনিময় হয়।
এ সময় ড. সবুর খান তরুণদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে সরকারের উন্নয়ন ব্যপকভাবে সাশ্রয়ী করার বিষয়টি ব্যাখ্যা করেন এবং প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দেওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতকে আরও বেগবান করতে ২০০১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক প্রতিষ্ঠিত ‘আইসিটি টাস্কফোর্স’ পুনরায় সক্রিয় করার প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দেন।











