ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:24 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় নিজের গড়ে তোলা মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক খামারি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল আনুমানিক ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার ডহর নামক পদ্মা চরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের আছান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা চরের মাঝে একটি মুরগির খামার পরিচালনা করতেন জিয়ারুল। খামারে শেয়ালের উপদ্রব ও আক্রমণ ঠেকাতে তিনি খামারের চারপাশ দিয়ে জিআই (লোহার) তারের একটি বেষ্টনী তৈরি করেন এবং তাতে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিয়ে রেখেছিলেন।

প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি খামারে কাজ করতে যান। কিন্তু অসাবধানতাবশত মূল বৈদ্যুতিক সংযোগটি বন্ধ করতে ভুলে যান তিনি। খামারের ভেতরে কাজ করার একপর্যায়ে তার দুই পায়ের নিচের অংশ বিদ্যুতায়িত জিআই তারের সংস্পর্শে আসে। এতে তিনি সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খামারের ভেতরেই অচেতন হয়ে পড়ে থাকেন।

পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে জিয়ারুলের মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে জিয়ারুলকে উদ্ধার করেন। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনি কাজ শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।