ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

উত্তরা প্রতিদিনের এক যুগ পথচলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক উত্তরা প্রতিদিন ১২ বছর অতিক্রম করেছে।

এ উপলক্ষে শনিবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, সাংবাদিক, সুধীজন এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত উত্তরা প্রতিদিনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, দৈনিক উত্তরা প্রতিদিন গত ১২ বছর ধরে বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করে উত্তরাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্তুজা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি শ. ম. সাজু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। দুই অধিবেশনেই সভাপতিত্ব করেন দৈনিক উত্তরা প্রতিদিন-এর প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ।

সভাপতির বক্তব্যে তিনি পত্রিকার ১২ বছরের পথচলার নানা অভিজ্ঞতা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পাঠকের আস্থা ও প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতাই উত্তরা প্রতিদিনের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব আলী শিকদার এবং বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান এবং সেরা প্রতিনিধিদের সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।