ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:18 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী-ঢাকা মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এক ব্যতিক্রমী ও কার্যকর যৌথ উদ্যোগ গ্রহণ করেছে পবা হাইওয়ে থানা পুলিশ এবং রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

পবা হাইওয়ে থানার দিবাকালীন মোবাইল-১ টিম এবং রাজশাহী সওজ বিভাগ যৌথভাবে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহাসড়কের অবাধ প্রবাহ বজায় রাখতে অবৈধ ‘রং পার্কিং’ করা যানবাহন দ্রুত সরিয়ে নেওয়া হয়। একই সাথে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও হাট-বাজার উচ্ছেদ করা হয়। দৃশ্যমানতা বৃদ্ধি ও পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে মহাসড়কের উভয় পাশের সোল্ডারে থাকা ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়।

এছাড়া পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার, মাইপাড়া বাজার এবং ঐতিহ্যবাহী ঝলমলিয়া কলার হাটে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। মহাসড়ক ব্যবহারের নিয়মাবলি এবং ‘সড়ক পরিবহন আইন’ মেনে চলার জন্য জনসাধারণকে আহ্বান জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

যৌথ এই অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ ও উপ-সহকারী প্রকৌশলী রুবেল আলী, পুঠিয়া পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, সার্জেন্ট আহসান হাবীব এবং পবা হাইওয়ে থানা মোবাইল টিমের সদস্যরা। এ সময় স্থানীয় সমাজসেবক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টুসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, অনিয়ন্ত্রিত হাট-বাজার এবং রং পার্কিংই বেশিরভাগ দুর্ঘটনা ও যানজটের মূল কারণ। সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত বজায় রাখা হবে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমাদের এ প্রয়াস।