ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় নারীর ডিশ ব্যবসা দখলের অভিযোগ

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:33 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামের বিরুদ্ধে এবার এক অসহায় নারীর লাইসেন্সভুক্ত ডিশ ও ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ফাহিমা খাতুন অভিযুক্ত আসাদুল ইসলামসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার আদালতে একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, টিকাপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন শরিফুল ইসলামের স্ত্রী ফাহিমা খাতুন গোয়ালকান্দি বাজারে ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা করে সংসার চালাতেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে যুবদল নেতা আসাদুল ইসলাম জোরপূর্বক ওই ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নেন। এই ঘটনার পর ফাহিমা খাতুন তার ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ দখলের কবল থেকে উদ্ধারের দাবিতে থানা ও আদালতে দুইটি মামলাও করেছেন। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও অভিযোগ দিয়েছেন। কিন্তু কোন প্রতিকার মেলেনি।

গত ১৬ জুলাই রাতে বিষয়টি মীমাংসার কথা বলে ফাহিমা খাতুনকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে লাঞ্চিত করা হয়। এই ঘটনার প্রতিবাদ করায় নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন ও গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহীনসহ তার বিরুদ্ধে আসাদুল হয়নারীমূলক একটি মামলা করেছে বলে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ফাহিমা খাতুন।

অপরদিকে আসাদুল ইসলামও পাল্টা সংবাদ সম্মেলন করে দাবি করেন, ডিশ ব্যবসা দখল নিয়ে বিরোধের জেরে তাকে মারধর ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগে ছাত্রদলের তিন নেতাসহ ফাহিমার বিরুদ্ধে তিনি মামলা করেছেন। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।