নগরীতে অবৈধ বিদেশি লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার: বৈধ আমদানিপত্র ও বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির দায়ে রাজশাহী নগরীর এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সাহেব বাজার এলাকার ‘রাহাত এন্টারপ্রাইজ’-এ অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সাজা প্রদান করেন। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
এছাড়া, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট বা গুজব প্রতিরোধে নগরীর তালাইমারী এলাকার একাধিক ফিলিং স্টেশনে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।











