ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:59 pm

স্টাফ রিপোর্টার: প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সংক্রান্ত সকল সেবা সহজ ও দ্রুততর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার মন্ত্রণালয়ে ভূমিমন্ত্রীর নিজ কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা প্রদান করেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের স্বার্থরক্ষায় কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। তিনি ভূমি অফিসে প্রবাসীদের জন্য ‘প্রাধিকার সেবা’ (চৎরড়ৎরঃু ঝবৎারপব) চালু করা, প্রবাসীদের ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুবিধা প্রদান, ই-নামজারি ও অন্যান্য ভূমি সেবা দ্রুততম সময়ে সম্পাদন করা, ভূমি অফিসগুলোতে ‘প্রবাসী কর্নার’ বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদান নিশ্চিত করতে ভূমিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রস্তাবনার জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তাদের দ্রুত সেবা প্রদান করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ, যা বাস্তবায়নে ‘প্রবাসী কার্ড’ চালু করা হচ্ছে। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেন যে, ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সকল সেবা সঠিকভাবে সম্পন্ন করতে সব ধরনের সহায়তা প্রদান করবে।

এছাড়াও প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা নিশ্চিতকরণ ও কার্যক্রম সুগম করতে ভূমি মন্ত্রণালয় থেকে অবিলম্বে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নির্ধারণের জন্য নির্দেশ দেন ভূমিমন্ত্রী। বৈঠকে উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।