ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম

জনগণের মতামতের ভিত্তিতেই হবে নগরের উন্নয়ন: রাসিক প্রশাসক

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন কাজ এবং নাগরিক সেবা সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সোমবার বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’-এর আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় রাসিক প্রশাসক বলেন, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের সংস্কার, গুলগোফুর পেট্রোল পাম্প থেকে সাহেব বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন এবং রেলগেট, বর্ণালী, তালাইমারী মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরীর প্রধান মোড়গুলো প্রশস্তকরণ ও সুসজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেবা গতিশীল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সমস্যা চিহ্নিত করে প্রকল্প নেয়া হবে বলে তিনি জানান।

সভায় প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ। রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় টিএলসিসি কমিটির সদস্যরা নগর উন্নয়নে নানা পরামর্শ দেন এবং প্রশাসকের নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন। সভায় অন্যান্যের মধ্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, টিএলসিসি সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধু, সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদের আলো ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ:

এদিকে, একই দিন বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘চাঁদের আলো ফাউন্ডেশন’-এর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা ও জীবনমান উন্নয়ন এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে গৃহীত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ‘প্রতিবন্ধী শিশুর শিক্ষা ও জীবনমান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান রুবিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক নুরী সুলতানা (জুলি) ও নির্বাহী সদস্য শিমুল বেগম উপস্থিত ছিলেন।