ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

আরএমপি কমিশনারের সাথে এডিটরস ফোরামের মতবিনিময়

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পেশাগত নানামুখী বিষয় নিয়ে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সোমবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় এডিটরস ফোরামের নেতারা সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং অসুবিধার কথা তুলে ধরেন। একই সাথে রাজশাহী মহানগরীর তীব্র ট্রাফিকজট, ফুটপাত দখল, অনুমোদনহীন অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে চলাচলে বাধা সৃষ্টি এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ নানা জনদুর্ভোগের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

পুলিশ কমিশনার ফয়েজুল কবির সাংবাদিকদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সভায় রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।